ভাঙ্গায় মহাসড়কে পার্কিং নিয়ে কথা কাটাকাটি, পিস্তল বের করে যুবকের প্রকাশ্যে গুলি

এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ । ৮:৩৯ পূর্বাহ্ণ

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক যুবকের জনসমক্ষে এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে সরতে গিয়ে ২ জন আহত হয়েছেন।

​ঘটনার একটি ২৬ সেকেন্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

​সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা হাসান আমিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে থামিয়ে এক যুবক ও যুবতী চা খেতে নামেন। গাড়িটি সড়কের ওপর রাখা দেখে স্থানীয়রা চালককে কিছুটা সাইড করে পার্কিং করার জন্য অনুরোধ জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই যুবক গাড়ি থেকে পিস্তল বের করে জনসমক্ষে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আকস্মিক বিকট শব্দে পথচারী ও স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়।

​এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে খবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন