মানবস্বাস্থ্যের ওপর ড্রামের খোলা ভোজ্যতেলের মারাত্মক ক্ষতিকর প্রভাব সম্পর্কে ভোক্তা ও বাল্ক ব্যবহারকারীদের সচেতন করার লক্ষ্যে ফরিদপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফরিদপুর পৌরসভার হলরুমে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব ও ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.এইচ.এম. সফিকুজ্জামান।
ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুস্তাক হাসান মুক্ত ইফতিখার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।
কর্মশালায় অনিরাপদ ড্রামে ড্রামজাতকরণ, সংরক্ষণ ও বিক্রি বন্ধের তাগিদ দিয়ে বক্তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে খোলা ভোজ্যতেলের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে। পাশাপাশি নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ৭:৩৫ পূর্বাহ্ণ