ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ । ৮:৩৭ অপরাহ্ণ

ফরিদপুর শহরের নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে।

​শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকার চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার তিনি কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজের চারতলা বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলার সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পরিদর্শক আবীর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

​ঘটনায় আহত ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ বর্তমানে একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

​ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন