ভাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন, অর্ধলক্ষ টাকা জরিমানা

শিশির খাঁন
প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ৫:৫৬ পূর্বাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম মো. নাদিম শাহ্। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পূর্ব সাচিয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে। স্থানীয়দের অভিযোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভাঙ্গা থানা পুলিশ বালু উত্তোলনের মেশিনসংবলিত বলগেটসহ (ড্রেজার মেশিন) তাকে আটক করে। সে তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত থাকবেনা মর্মে অঙ্গীকার করায় “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তৎক্ষণাৎ আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
ভবিষ্যতে সে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকবেন মর্মে তার নিকট হতে মুচলেকা গ্রহণ করা হয় এবং সতর্ক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন, ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে অভিযান চালাই। এ সময় বলগেট ও মেশিন জব্দসহ নাদিমকে আটক করা হয়। পরে বালুমাহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় নাদিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন