কুকুরের ছোঁয়া লাগলে কাপড় কি অপবিত্র হয়ে যায়?

ইসলাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ৮:২১ পূর্বাহ্ণ

রাস্তাঘাটে এমন অনেক কুকুর চলাফেরা করে যেগুলো পথেই ঘুমায়, পথেই থাকে। এরা সর্বদা ডাস্টবিনের ময়লা-আবর্জনা খেয়েই বাঁচে।

পথ দিয়ে চলাফেরার সময় এসব কুকুর কখনো পাশঘেঁষে অতিক্রম করে। ফলে জামাকাপড় এদের গায়ে লেগে যায়। আমার প্রশ্ন হলো, এর ফলে কি জামাকাপড় নাপাক হয়ে যাবে? রাস্তাঘাটের এসব কুকুর ও নাপাক প্রাণী গা ঘেঁষে গেলে করণীয় কী?

উত্তর : কুকুরের শরীর মূলগতভাবে নাপাক নয়। শূকর যেমন মূলগতভাবে নাপাক, কুকুর তেমন নয়। তাই কুকুরের শরীরে কোনো নাপাকি লেগে না থাকলে তার সঙ্গে কাপড় বা কোনো কিছু লাগলে নাপাক হবে না। তবে কুকুরের লালা নাপাক। সেটি শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে।

তাই কুকুরের মুখের লালা লেগে যদি তার দেহ ভিজে থাকে এবং ওই ভেজা অংশ কাপড়ে লাগে তা হলে কাপড় নাপাক হয়ে যাবে। কিংবা কুকুরের শরীরে যদি দৃশ্যমান কোনো নাপাকি থাকে এবং তা আর্দ্র থাকে, এমতাবস্থায় সে ভেজা অংশ মানুষের শরীর বা কাপড়ে লেগে গেলে নাপাক হবে।

উল্লেখ্য, কুকুরের লালা নাপাক হওয়ার কারণে জিহ্বা দিয়ে শরীর বা কাপড় ভিজিয়ে দিলে নাপাক হবে। একইভাবে কোনো খাবার বা পাত্রে মুখ দিলেও নাপাক হবে। (ফাতহুল কাদির : ১/১৩১; আলবাহরুর রায়েক : ১/১০১)

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন