ফরিদপুরের বোয়ালমারীতে কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁকের আড়ালে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে মো. হানিফ শেখ (৫১) নামে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
দণ্ডপ্রাপ্ত হানিফ শেখ বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাসিন্দা। তিনি কবিরাজি চিকিৎসার নামে নিজ বাড়িতে রোগী দেখতেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৫ সালের ২১ মার্চ ওই কিশোরীকে ঝাড়ফুঁকের জন্য হানিফ শেখের কাছে নিয়ে যান স্বজনরা। পরদিন আবারও চিকিৎসার কথা বলে তাকে ঘরে ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালান হানিফ।
ঘটনাটি কিশোরী তার পরিবারকে জানালে ২৪ মার্চ তার বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ মে বোয়ালমারীর ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মধুসূধন পান্ডে হানিফ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, কবিরাজির আড়ালে এ ধরনের জঘন্য অপরাধ দমনে আদালতের এই কঠোর শাস্তি দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ৭:২১ অপরাহ্ণ