ভাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায় ৫ ফার্মেসিকে জরিমানা

শিশির খাঁন
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৭:১১ পূর্বাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গায় মেয়াদোত্তীর্ণ, সরকার কর্তৃক নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৫টি ফার্মেসিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

​সোমবার (২৪ আগস্ট) ভাঙ্গা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ভাঙ্গা বাজারের রায় ফার্মেসিকে ১০ হাজার টাকা, ন্যাশনাল মেডিকোকে ১০ হাজার টাকা, বৃষ্টি ফার্মেসিকে ১০ হাজার টাকা, পদ্মা ড্রাগ হাউসকে ৮ হাজার টাকা এবং একতা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​আদায় করা জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

​অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আতঙ্কে ভাঙ্গা বাজার এলাকার প্রায় অর্ধশত ওষুধের দোকান বন্ধ করে সটকে পড়েন ব্যবসায়ীরা।

​অভিযানের সময় ফরিদপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান এবং ভাঙ্গা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

​ভাঙ্গার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম জানান, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং বাজারে ওষুধের অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন