১৩ দিন পার হলেও খোঁজ মেলেনি ফরিদপুর সদর উপজেলার নিখোঁজ যুবক রনি মোল্যার (২২)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলেটির কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন তার পরিবারের সদস্যরা।
নিখোঁজ রনি মোল্যা সদর উপজেলার বাখুন্ডা পশরা গ্রামের বুলবুল মোল্যার ছেলে। এ ঘটনায় তার মা রওশানারা বেগম ফরিদপুর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রনি। এরপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। স্বজনদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। রনি কোনো মোবাইল ফোন ব্যবহার না করায় যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।
নিখোঁজ রনির শরীরের বিবরণ অনুযায়ী—তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে, মাথার চুল কালো ও ছোট। বয়স ২২ বছর এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের ফুল প্যান্ট ও কালো রঙের হাফ হাতা শার্ট।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি জানার পর থেকেই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। দেশের সকল থানায় তার ছবি ও বিবরণসহ বার্তা পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। আশা করছি খুব দ্রুতই তার সন্ধান পাওয়া যাবে।”

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৩:৩১ অপরাহ্ণ