অনলাইন নিউজ পোর্টাল ফরিদপুর প্রতিদিনে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই সহায়তা তুলে দেন চরভদ্রাসন উপজেলা র্নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামে ছাগল রাখার ছাপড়া ঘরে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছে সাতটি ছাগল। আগুনে ছাপড়া ঘরটি পুরোপুরি এবং রান্নাঘরের একাংশ পুড়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে পরিবারটি গ্রহপালিত পশু ও ঘর হারিয়ে চরম দুর্ভোগে পড়ে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার ‘ফরিদপুর প্রতিদিনে’ “ঘুম ভাঙেনি গেরস্তের, একে একে আগুনে পুড়ল সাতটি ছাগল” শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন পক্ষ থেকে পরিবারটিকে ১০ হাজার টাকার একটি চেক, ২০ কেজি চাল, ২ কেজি দেশী মশুর ডাল, ২ কেজি আয়োডিন যুক্ত লবণ, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২০০ গ্রাম মরিচের গুড়া, ৪০০ গ্রাম হলুদের গুড়া, ২০০ গ্রাম ধনিয়া গুড়া পরিবারটির হাতে তুলে দেন চরভদ্রাসন ইউএনও।
সহায়তার নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিশির খাঁন
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৮:৫২ অপরাহ্ণ