সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ । ১২:৪১ অপরাহ্ণ

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. আবু বকর সিদ্দিকী শাকিল (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত শাকিল ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার স্থায়ী বাসিন্দা।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট সৌদি আরবে কাজ শেষে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় মারা যান শাকিল। চলতি বছরের আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে ফেরার আগেই প্রবাসে তার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বর্তমানে তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে।

​তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর পাশাপাশি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্বজনরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

​এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাকিল নামের এক প্রবাসীর মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। নিহতের মরদেহের সব ধরণের আইনি তথ্য যাচাই এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কাজে নিহতের পরিবারকে যেকোনো সরকারি সহায়তার জন্য পুলিশ প্রশাসন পাশে থাকবে।”

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন