‘লুটপাটকারীদের হাতে দেশ আর মাদকাসক্তের কাছে মা-বাবা নিরাপদ নয়’: এমপি ইলিয়াস মোল্লা

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৫৫ অপরাহ্ণ

লুটপাটকারীদের হাতে দেশ এবং মাদকাসক্ত সন্তানের কাছে মা-বাবা কোনোভাবেই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা। একই সঙ্গে কোনো বাবা-মাকে যেন জীবনের শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে না হয়, সে বিষয়ে তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

​শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফরিদপুরের মধুখালী উপজেলা হলরুমে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মধুখালী উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

​প্রধান অতিথির বক্তব্যে ড. ইলিয়াস মোল্লা বলেন, “মাদকাসক্ত সন্তানের কাছে যেমন বাবা-মা নিরাপদ নয়, তেমনি লুটপাটকারীদের হাতেও দেশ নিরাপদ নয়। আজ আমাদের মেধাবী, দক্ষ ও নৈতিক তরুণদের হাত ধরেই একটি বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে।”

​প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি মেধা ও জ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে সংসদ সদস্য বলেন, “আমরা বলি ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। তবে শুধু মুখে গান গাইলেই হবে না, সত্যিকারের ভালোবাসায় দেশকে আগলে রাখতে হবে।” শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “বাবা-মার মুখে হাসি ফোটানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করে আসল মানুষ হতে হবে, কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না।”

​অনুষ্ঠানে মধুখালী উপজেলার ৭৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শোয়াইব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস মো. মাজহারুল ইসলাম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন মোল্যা ও শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহ।

​এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলীমুজ্জামান, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি নওশের আলী চৌধুরী, পৌর জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমানসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন