ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে থাকা অবস্থাতেই প্রায় আধা কিলোমিটার পথ হিঁচড়ে নিয়ে যায় বাসটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশাল জেলার গৌরনদী থানার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)। তারা মোটরসাইকেলে ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছিলেন।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দশমিনা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরও বাসটি মোটরসাইকেলটি আটকে থাকা অবস্থায় দ্রুত গতিতে প্রায় আধা কিলোমিটার সামনে এগিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪৯ পূর্বাহ্ণ