দুই বছর পর মধুখালীতে সরকারি হাসপাতালের ওটি চালু, প্রথম দিনেই সফল সিজার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৩৫ পূর্বাহ্ণ

দীর্ঘ দুই বছর পর আবারও প্রাণ ফিরেছে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে (ওটি)। সীমিত পরিসরে ওটি চালুর প্রথম দিনেই সফলভাবে সম্পন্ন হয়েছে এক প্রসূতির জরুরি সিজারিয়ান অপারেশন। এর মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবায় নতুন আশার সঞ্চার হয়েছে।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রসবজনিত জটিলতা নিয়ে গোন্দারদিয়া গ্রামের মোসাম্মৎ জান্নাতি (১৮) হাসপাতালে ভর্তি হলে জরুরি সিজারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বেলা ১১টা ৪৫ মিনিটে ডা. সৌরিয়া সুলতানা ও ডা. শাহবাজ খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারে জন্ম নেয় এক সুস্থ নবজাতক। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।

​দীর্ঘদিন পর ওটি চালুকে সাধারণ ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য বড় স্বস্তি হিসেবে দেখছেন স্থানীয়রা। প্রসূতি জান্নাতির দাদী সুফিয়া বেগম বলেন, “বাইরে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের ছিল না। হাসপাতালের ডাক্তার-নার্সরা পাশে দাঁড়ানোয় আমরা বিনামূল্যে সুন্দর চিকিৎসা পেয়েছি।”

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার জানান, প্রসূতি ও নবজাতক দুজনেই নিবিড় পর্যবেক্ষণে আছেন। হাসপাতালে একজন স্থায়ী গাইনি ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ পদায়ন করা গেলে এ সেবা নিয়মিত চালু রাখা সম্ভব হবে বলে জানান তিনি।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন