ফরিদপুরের আলফাডাঙ্গায় ফল ব্যবসার সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৪৮ অপরাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যবসার প্রায় সাড়ে ছয় লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আলফাডাঙ্গা বাজারের ফলপট্টি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুরুজ শেখ অভিযোগ করে বলেন, দুই মাস আগে তিনি ও তার মামা হাবিব মুন্সী যৌথভাবে আলফাডাঙ্গা পৌরসভার নগরকান্দা গ্রামের মিকাইল সরদারের দুই ছেলে পলাশ সরদার ও গোলাম রাব্বী সরদারকে পার্শ্ববর্তী কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ‘বিসমিল্লাহ ফল ভান্ডার’ নামের একটি দোকান করে দেন। শর্ত ছিল—ফল বিক্রির লভ্যাংশ তারা অর্ধেক করে ভাগ করে নেবেন।

​তিনি আরও জানান, গত দুই মাসে দোকানের কোনো হিসাব না দিয়ে তারা নিজেরা আলফাডাঙ্গা বাজারে পৃথক একটি ফলের দোকান চালু করে। পরবর্তীতে হিসাব করে দেখা যায়, অভিযুক্তরা ব্যবসার প্রায় সাড়ে ৬ লাখ টাকা আত্মসাৎ করেছে।

​ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে দাবি করে সুরুজ শেখ বলেন, ‘আমাদের সুনাম ক্ষুণ্ন করতে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়েছে। আমরা এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

​সংবাদ সম্মেলনে সুরুজ শেখের ব্যবসায়ী অংশীদার হাবিব মুন্সী উপস্থিত ছিলেন।

​এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম রাব্বী সরদার তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। উল্টো অভিযোগ এনে তিনি বলেন, ‘উল্টো তারা আমার বড় ভাইকে মারধর করে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।’

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন