ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে স্কুল, বাজার, বসতভিটা ও ফসলি জমি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আকোটের চর ইউনিয়নের শয়তানখালী এলাকায় পদ্মা নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে আকোটের চর জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় আড়াই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মার অব্যাহত ভাঙনে শয়তানখালীসহ আশপাশের ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বাজার ও শত শত একর ফসলি জমি এখন চরম হুমকির মুখে। প্রতিবছর নদীভাঙনে নিঃস্ব হচ্ছে বহু পরিবার। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নদীভাঙনের সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ বালু উত্তোলন। এতে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে ভাঙনের তীব্রতা আরও বাড়ছে। অনতিবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জানান তারা।
আকোটের চর জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী শিকদার বলেন, সাময়িকভাবে জিওব্যাগ বা বালুর বস্তা ফেলে এই তাণ্ডব রোখা সম্ভব নয়। টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এর কোনো সমাধান নেই। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে সরকারের যেকোনো উদ্যোগই ব্যর্থ হবে।
মানববন্ধন থেকে অবিলম্বে পদ্মার ভাঙন রোধে স্থায়ী ও পরিকল্পিত নদীশাসন এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।

মিজানুর রহমান, সদরপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪২ অপরাহ্ণ