জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ফরিদপুরের চরাঞ্চলে পাঁচ হাজার তালবীজ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের মধ্য চরটেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
অনুষ্ঠানে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী দীপন কুমার ঘোষ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশ উন্নয়ন ফোরামের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় ঘোষণা রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুরের তিনটি উপজেলার ১০টি চরাঞ্চলীয় ইউনিয়নে প্রথম পর্যায়ে পাঁচ হাজার তালবীজ ও বিভিন্ন ফলদ চারা বিতরণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রতিবছর বজ্রপাতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে, যার বড় একটি অংশ চরাঞ্চলের সমতল এলাকার মানুষ। তালগাছ প্রাকৃতিক বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে। তাই চরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং সবুজ বেষ্টনী গড়ে তুলতে তালগাছ রোপণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।” এ সময় তিনি স্থানীয়দের শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ না থেকে সঠিক পরিচর্যার পরামর্শ দেন।
আলোচনা সভা শেষে স্থানীয় বাসিন্দাদের হাতে তালবীজ ও বিভিন্ন ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়। পরে জেলা পরিষদ প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে একটি চারা রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন।
ফরিদপুর জেলা পরিষদের পরিকল্পনা ও অর্থায়নে পরিচালিত এই বৃক্ষরোপণ কর্মসূচিটি বাস্তবায়নে সরাসরি সহযোগিতা করছে ‘ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম’।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:১৪ অপরাহ্ণ