সোনালী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:২৮ অপরাহ্ণ

সোনালী ব্যাংক পিএলসি’র গোপালগঞ্জের ঘাঘর শাখার কর্মকর্তা ফৌজিয়া হককে সামাজিকভাবে হেনস্তা ও মানহানির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত মেহেদী হাসনাতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

​রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুর সোনালী ব্যাংক ভবনের সামনে ‘সোনালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চল’-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক ফরিদপুর শাখার সিনিয়র কর্মকর্তা (ক্যাশ) শামসুজ্জামান রুবেল ও সিনিয়র কর্মকর্তা (ক্যাশ) ওয়াহিদা ইয়াসমিন।

​বক্তারা ফৌজিয়া হককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ঘটনায় তীব্র নিন্দা জানান। কর্মক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারা বলেন, কোনো কর্মকর্তা যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

​একই সঙ্গে সহকর্মী ফৌজিয়া হককে মানহানির ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত মেহেদী হাসনাতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা।

​প্রতিবাদ কর্মসূচিতে সোনালী ব্যাংক ফরিদপুর প্রধান শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন