ফরিদপুরের সালথায় বাড়ির পাশে খেলার সময় পানির ডোবায় পড়ে আব্দুর রহমান নামের সাড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই গ্রামের রবি ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দিকে আব্দুর রহমান বাড়ির পাশের একটি পানির ডোবার পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে সে ডোবায় পড়ে তলিয়ে যায়। পরে সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি টের পেয়ে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ডোবায় নেমে তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সালথা প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৩৮ অপরাহ্ণ