ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযান : দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

Faridpur Protidin
হাসানউজ্জামান, ফরিদপুর
প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৫৮ অপরাহ্ণ
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে চাল মজুদের হিসেব সঠিকভাবে সংরক্ষণ না করা এবং চালের মোড়ক পাটজাত সামগ্রী ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে ৫০ হাজার ও ২০ হাজারসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লা এলাকার খোদাবক্স সড়ক এবং শোভারামপুর এলাকায় দুটি চালের গুদামে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ।
অভিযান কালে আদালত শহরের খোদাবক্স রোডে অবস্থিত চাল ব্যবসায়ী নবীণ চন্দ্র সাহাকে মোড়ক হিসেবে পাটজাত পণ্য ব্যবহার না করায় ২০১০ সালের ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যগত ব্যবাহার’ আইনে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
পরে আদালত শহরের শোভারামপুর মহল্লা এলাকায় ব্যবসায়ী সনত কুমার সাহাকে চাল মজুদের রেজিস্ট্রার ঠিকমত পূরণ না করায় কৃষি বিপণন আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এই অভিযানে অংশ নেওয়া জেলা জ্যেষ্ঠ  কৃষি বিপণন কর্মকর্তা মো. সাহাদাত হোসেন বলেন,  গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে  যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।  এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, কৃষি বিপণন  অধিদপ্তর, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন