ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শাকিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একদিন আগে একই কমিটির আরেক সহ-সভাপতি মো. নাঈমুজ্জামান নাঈমকে গ্রেপ্তারের পর এবার শাকিলকে গ্রেপ্তার করা হলো।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিল হোসেন আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নকুলহাটি বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের আরেক সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈমকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, নাঈমের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ । ৭:৪৭ পূর্বাহ্ণ