ফরিদপুরে জসীম পল্লী মেলা চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ । ১১:২৮ পূর্বাহ্ণ

ফরিদপুরের ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

​বুধবার (০৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অ্যাডভোকেট বশীর আহমেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম স্টালিন, মেহেদী হাসান মিঠু, বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু খান, পলাশ খান, মাহফুজ খান বাদল, আনিসুর রহমান ও শামীমা বেগম।

​এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সমাবেশে বক্তারা বলেন, গত চার বছর ধরে জসীম পল্লী মেলা বন্ধ থাকায় ফরিদপুরের সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। জসীম পল্লী মেলা শুধু ফরিদপুরের নয়, এটি সমগ্র বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই মেলাকে কেন্দ্র করে প্রতিবছর সর্বস্তরের সংস্কৃতিসেবীদের মিলনমেলা ঘটে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের পণ্য ও হস্তশিল্প প্রদর্শন ও বিক্রির সুযোগ সৃষ্টি হয়, যা ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে।

​বক্তারা আগামী বছর থেকে জসীম পল্লী মেলা পুনরায় নিয়মিত আয়োজনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

​সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান বিভিন্ন সংগঠনের নেতারা। পরে তারা জেলা প্রশাসকের হাতে মেলা পুনরায় চালু করার দাবিতে স্মারকলিপি তুলে দেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন