বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ভয়েজ বিডি ২৪ ডটকমের সম্পাদক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) বিকেলে এক যৌথ বিবৃতিতে সংগঠনটির পক্ষে এই দাবি জানান বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুব আলম বাবু এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিল দীর্ঘদিন ধরে পেশাদারি ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত এ ধরনের পদক্ষেপ স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের সামগ্রিক নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।
বিপিজেএফ নেতারা আরও উল্লেখ করেন, কোনো সাংবাদিক কিংবা সাংবাদিক নেতাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার বা হয়রানি করে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা মেনে নেওয়া যায় না।
অবিলম্বে সাংবাদিক শাকিলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাঁর নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানায় সংগঠনটি। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের (বিপিজেএফ) দপ্তর সম্পাদক এসএম রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ । ৬:৪৫ অপরাহ্ণ