বিদেশে নেয়ার নামে ৬০ লাখ টাকা হাতিয়ে নির্যাতন, ফরিদপুরে মানববন্ধনে বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ । ১২:৪১ অপরাহ্ণ

বিদেশে নেয়ার কথা বলে নির্যাতন ও পরিবারের কাছ থেকে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জড়িত চক্রের বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

​বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নির্যাতিত ও নিপীড়িত সাধারণ মানুষ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।

​মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মিজানুর রহমান, মৃত হাবিবুর রহমানের স্ত্রী তাসলিমা আক্তার, নয়ন তালুকদার ও আজিজুল ইসলামসহ অনেকে।

​বক্তারা অভিযোগ করে বলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোহাম্মদ ব্যাপারীর ছেলে মুরাদ ব্যাপারী ও তার সহযোগীরা একটি প্রতারক চক্র গড়ে তুলেছে। চক্রটি ভুক্তভোগীদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে যায়। সেখানে নিয়ে তাদের ওপর দিনের পর দিন অমানুষিক শারীরিক নির্যাতন ও মারধর চালানো হয়। পরবর্তীতে তাদের জিম্মি করে পরিবারগুলোর কাছ থেকে দফায় দফায় মোট ৬০ লাখ টাকা আদায় করা হয়েছে।

​ভুক্তভোগীরা জানান, দেশে ফিরে এসে নিজেদের পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকার করে। উল্টো টাকা ফেরত না দিতে ভুক্তভোগীদের নামেই নানা ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

​মানববন্ধনে নিজের পাওনা টাকা ফেরত পাওয়ার আকুতি জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগী মিজানুর রহমান। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরল বিশ্বাসে বিদেশে যাওয়ার জন্য তাঁরা জীবনের সব সঞ্চয় তুলে দিয়েছিলেন। এখন নিঃস্ব হয়ে পাওনা টাকা ফেরতের পাশাপাশি ঘটনায় জড়িত পুরো প্রতারক চক্রটিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।

​এ বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ ও আইনি সহায়তা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন