ফরিদপুরের আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. আরাফাত হোসেন।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি পরবর্তী মেয়াদের জন্য এ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও ঘোষণা দেয়। নবনির্বাচিত সভাপতি মো. আরাফাত হোসেন আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আরাফাত হোসেন এলাকায় একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজের সাথে সম্পৃক্ত। বিদ্যালয় প্রাঙ্গণে পানি নিষ্কাশনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি সম্প্রতি নিজ অর্থায়নে একটি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে দেন। তাঁর এই উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াত ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হয়েছে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. আরাফাত হোসেন বলেন, “আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”
তিনি বিদ্যালয়ের সার্বিক সার্বিক উন্নতির জন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে মো. আরাফাত হোসেন সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ । ১০:৩৩ পূর্বাহ্ণ