ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ৯:৪৮ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

​শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

​পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পূজার ছুটিতে দুপুরে কর্মস্থল দোহার থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জের গ্রামের বাড়ি যাচ্ছিলেন হিটলার বিশ্বাস। পথে বাবলাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটিকে সনাক্ত করার পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন