ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিথিরা। বক্তারা বলেন, সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এ সময় অতিথিরা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ এবং ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ । ৬:৪৫ অপরাহ্ণ