ফরিদপুরে ডোবায় ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ৩:২৮ অপরাহ্ণ

ফরিদপুরের চরভদ্রাসনে ডোবার পানিতে ডুবে শেখ আরাফাত নামে দেড় বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

​বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালাশী ডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আরাফাত ওই গ্রামের বাসিন্দা শেখ রাসেলের ছোট ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে সবার ছোট ছিল। তার রাইছা (৫) ও রোজামনি (৩) নামে দুই বোন রয়েছে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশু আরাফাত তার বোনের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের ডোবার পানিতে তাকে ভাসতে দেখা যায়।

​পরে দ্রুত তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​শিশুটির এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন