মা-ইলিশ সংরক্ষণের বিশেষ অভিযানে ফরিদপুরের সদরপুরে ২ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে জব্দ করা ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চরমানাইর, নারিকেলবাড়িয়া ও চরনাসিরপুর ইউনিয়নের পদ্মা ও আড়িয়াল খাঁ নদে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিনের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও সদরপুর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহিল আবরার।
আটক জেলেরা হলেন—মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার চারিপাড়া এলাকার রব মোল্লার ছেলে রমজান মোল্লা (২৫) এবং একই উপজেলার সিঙ্গাইর হাটি এলাকার আলী মৃধার কর্মকর্তার ছেলে আলাউদ্দিন (৩০)।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে পদ্মা ও আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মা-ইলিশ শিকারের সময় ওই দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে জব্দ করা ১ লাখ মিটার জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা, যা পরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে উদ্ধার করা ১২ কেজি ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন বলেন, “মা-ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নদ-নদীতে অবৈধ জাল ব্যবহার ও ইলিশ শিকারে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
উল্লেখ্য, মা-ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে দেশব্যাপী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

শিশির খাঁন
প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ১০:৫৩ অপরাহ্ণ