ফরিদপুর জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ১:৫১ অপরাহ্ণ

ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ফরিদপুর প্রেসক্লাব শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বরের মধ্যে যারা অ্যাসোসিয়েশনের সদস্য হবেন, তাঁদের ‘প্রতিষ্ঠাতা সদস্য’ হিসেবে বিবেচনা করা হবে। সংগঠনটির পক্ষ থেকে ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা প্রদান করা হবে।

​বক্তারা জানান, শুধু ফরিদপুর জিলা স্কুলের মধ্যে এই সেবা কার্যক্রম সীমাবদ্ধ রাখা হবে না। পর্যায়ক্রমে ফরিদপুর জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের সেবামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

​ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ডা. মির্জা মোহাম্মদ আরিফুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদ মিয়া কুটি, উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান শামীম, যুক্তরাষ্ট্রপ্রবাসী উপদেষ্টা মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম দিলু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান এবং মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি জাহিদুর রহমান ইভু।

​প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন