ফরিদপুরে পুকুরে ডুবে তরুণীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ৬:১৫ অপরাহ্ণ

ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন তাম্বুলখানা এলাকায় পুকুরে ডুবে আফরোজা বেগম (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আফরোজা বেগম তাম্বুলখানা এলাকার আমিন শেখের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালের দিকে আফরোজা বাড়ির পাশের পুকুরঘাটে থালাবাসন ধুতে যান। একপর্যায়ে তিনি অসাবধানতাবশত পানিতে পড়ে তলিয়ে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

​পরে পুকুরপাড়ে আফরোজার থালাবাসন পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। এরপর স্থানীয়রা পুকুরে নেমে সন্ধান চালিয়ে তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আফরোজাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন