পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা ও ছয় বছরের শিশু মেয়ের। রোববার সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় মাছবোঝাই পিকআপের চাপায় অটোভ্যান থেকে ছিটকে পড়ে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের অন্য সদস্যরা বেঁচে গেলেও বাবা-মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা। তাঁদের মৃত্যুতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামে শোকের মাতম চলছে।
নিহতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর ছয় বছরের মেয়ে সামিরা আক্তার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন সাইফুল ইসলাম। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের ওপর পৌঁছালে গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপ বিপরীত দিক থেকে এসে তাঁদের বহনকারী অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলামের ফুফাতো ভাই তাহের আহমেদ শুভ বলেন, “পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমার ভাই ও ভাতিজি প্রাণ হারিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন।”
তিনি জানান, নিহত বাবা-মেয়ের মরদেহ বাড়িতে আনা হয়েছে। রোববার মাগরিবের নামাজ শেষে তাদের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম বলেন, “একটি পরিবারের এমন মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।”
বাবা-মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ । ৬:৩৯ অপরাহ্ণ