ফরিদপুরে বাস পোড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ৫:৩৭ অপরাহ্ণ

ফরিদপুরে যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় জেলা যুবলীগ নেতা ও ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

​সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। সেখান থেকেই চেয়ারম্যান মজনুকে গ্রেপ্তার করা হয়।

​ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, শহিদুল ইসলাম মজনু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বাস পোড়ানো, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।

​ওসি আরও জানান, সর্বশেষ একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন