বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার এক যুগ পূর্তি উদ্যাপন করেছে ‘দৈনিক আজকের সারাদেশ’ পত্রিকা। এ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে পত্রিকা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, ফরিদপুর প্রেস ক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল।
ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা দৈনিক আজকের সারাদেশের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি ধারাবাহিকভাবে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছে। এ সময় বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদ্যাপন করা হয়।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ । ৪:৩৯ অপরাহ্ণ