ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে তিন শতাধিক অসচ্ছল মানুষের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পুঁজি ও মূলধন সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বাদ ফজর ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন। অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করতে এককালীন আর্থিক অনুদানের পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ দেওয়া হয়। এসব সহায়তার মাধ্যমে উপকারভোগীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আয় বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
এদিকে দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর ওফাত উপলক্ষ্যে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আসন্ন বার্ষিক ওরস শরীফের তারিখ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী ২০২৭ সালের ১৩ জানুয়ারি ওরস শরীফ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ওরস উপলক্ষ্যে মঙ্গলবার বাদ জোহর থেকে বুধবার বাদ ফজর পর্যন্ত দরবার শরীফে জলসায়ে ওরস পাক-এ-শাহ্ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্ত সমবেত হন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার এবং শরিয়ত ও তরিকতবিষয়ক ওয়াজ-নসিহত করা হয়।
বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোনাজাতে বিশ্বজুড়ে সুখ-শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি মহান আল্লাহর নৈকট্য প্রার্থনা করা হয়।

শিশির খাঁন
প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ৪:৪০ অপরাহ্ণ