ফরিদপুর শহরের পূর্ব কাপুরা রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে স্বপন কুমার (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন কুমার ফরিদপুর শহরের পূর্ব কাপুরা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে ফরিদপুর স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন পূর্ব কাপুরা রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় স্বপন কুমার অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার ও রেলওয়ে পুলিশের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ৪:৪৪ অপরাহ্ণ