আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া ও নিরাপদ সড়ক দিবস পালিত

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ৪:৫২ অপরাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ ও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।

​‘Be a Hand Washing Hero’—‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস এবং ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়।

​সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রামক রোগের ঝুঁকি হ্রাস এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়।

​মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।

​এ সময় আরও বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার হোসেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, সুস্বাস্থ্যের জন্য নিয়মিত সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই। এর মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা, চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ এবং চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দেন তাঁরা।

​জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ দেশ গড়ে তোলা সম্ভব—এ কথা উল্লেখ করে বক্তারা নিজ নিজ অবস্থান থেকে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন