উন্নত জীবনের প্রলোভনে অনিরাপদ অভিবাসনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ফরিদপুর, মাদারীপুর ও শরিয়তপুর জেলা। এ তিন জেলার তরুণ সমাজ অনিরাপদ অভিবাসনের মাধ্যমে ঝুঁকে পড়ছে ইতালিসহ ইউরোপ যাত্রায়৷ এতে আর্থিক ক্ষতির মুখে নিঃস্ব হয়ে পড়ছেন অনেকে আবার কারও প্রাণহানির মতো ঘটনাও ঘটছে।
এরই প্রেক্ষিতে অনিরাপদ অভিবাসন বা অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধে এবং বৈধ অভিবাসনে উৎসাহিত করতে “সিনেমা আঙিনা” প্রকল্পের মাধ্যমে এ তিন জেলায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাইটস যশোর নামে একটি বেসরকারি এনজিও সংস্থা। পাশাপাশি ক্ষতির সম্মুখীন হয়ে দেশে ফেরত আসা যুবকদের প্রশিক্ষণ প্রদান ও আর্থিকভাবে সহায়তারও লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংস্থাটির প্রকল্প সূচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাজহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুষ্মিতা সাহা।
সংস্থাটি জানান, অনিরাপদ অভিবাসন বন্ধে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনে দূতাবাসের আর্থিক অনুদানে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় কাজ করে যাচ্ছেন তাঁরা। “সিনেমা আঙিনা” প্রকল্পের আওতায় ২০২৬-২৭ বছরে এ তিন জেলায় সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে সংস্থাটি। এরমধ্যে প্রান্তিক পর্যায়ে গাড়িতে করে ৫৪টি ভ্রাম্যমাণ সচেতনতামূলক সভা করেছেন। পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউডিসি সদস্য, ধর্মীয় নেতা, সমাজের গণ্যমান্য ব্যক্তিও গণমাধ্যমকর্মীদের নিয়ে সচেতনতামূলক সভাও করে আসছেন।
এছাড়া প্রকল্পটির মাধ্যমে ২৫০ জন ক্ষতিগ্রস্ত বা প্রতারণার শিকার এবং বৈধভাবে বিদেশ যাত্রায় ইচ্ছুকদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চালিয়ে আসছেন। তাঁদের মধ্যে ৮০ জনকে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ এবং ৬০ জনকে দক্ষতার ওপর কর্মসংস্থানের জন্য আর্থিকভাবে সহযোগিতাও করা হবে বলে তাঁরা জানান৷
অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধি অমল বিশ্বাস বলেন, “ফরিদপুর, মাদারীপুর ও শরিয়তপুর জেলায় অনিরাপদ অভিবাসন বা অবৈধভাবে ইতালি যাত্রার অন্যতম এলাকা। এ অঞ্চলের তরুণ সমাজ অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়ে মাফিয়া চক্রে হাতে জিম্মি হয়ে পড়ছেন। পরবর্তীতে ৩০ লাখ টাকা ৯০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দিতে হচ্ছে তাঁদের। অনেকে নির্যাতনের শিকার হচ্ছেন এবং ভূমধ্যসাগরে নৌকাডুবিতেও মারা যাচ্ছেন। এতে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন অনেকে। এই অবৈধ বিদেশ যাত্রা বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে এবং বৈধ উপায়ে অভিবাসিত করার লক্ষ্য সচেতনতা সৃষ্টি করতে হবে।’
সংস্থাটির কর্মকর্তারা জানান, মূলত দুটি লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা। যারমধ্যে অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধে সচেতনতা এবং বিদেশগমন ইচ্ছুক ও ক্ষতিগ্রস্তদের প্রশিক্ষণ প্রদান করা। তাঁদের এ উদ্যোগের মাধ্যমে বিদেশ গমনেচ্ছুক মানুষ সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি পাবে। একই সাথে, কর্মসংস্থান ও আয়বর্ধক সুযোগ সৃষ্টি করা হলে তা সম্ভাব্য অভিবাসীদের ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত অভিবাসন পথ অবলম্বন করা থেকে বিরত রাখতে সাহায্য করতে পারে মনে করেন তাঁরা।
সভায় যশোর রাইটসের প্রকল্প পরিচালক প্রদীপ কুমার দত্ত, কো-অর্ডিনেটর হারুন অর রশিদ, প্রকল্প কর্মকর্তা মোতাহারুল ইসলাম, ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এসএম মইনুল ইসলাম এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার ষষ্ঠী পদ রায়সহ প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হাসান মাতুব্বর (শ্রাবণ), ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ১১:৪৩ পূর্বাহ্ণ