ফরিদপুরে ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্করের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে মামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ৫:৩৮ অপরাহ্ণ

ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং বিভিন্ন বাস-ট্রাক স্ট্যান্ড থেকে মাসোয়ারা নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ফেঁসেছেন ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (টিআই প্রশাসন) মো. তুহিন লস্কর। দুদক সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলা নং-৫/২০২৬ (তারিখ: ১১/১১/২০২৬) মূলে এই মামলাটি দায়ের করা হয়।

​দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি দুই মেয়াদে প্রায় নয় বছর ফরিদপুরে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা মেট্রো, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রাথমিক অনুসন্ধান শেষ করেন দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন। পরবর্তীতে তার ও তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে সম্পদ বিবরণী জারি করা হয়।

​সম্পদ বিবরণী যাচাই শেষে দুদকের সহকারী পরিচালক ও মামলার বাদী মোস্তাফিজ পৃথক মামলার সুপারিশ করে যাচাই প্রতিবেদন দাখিল করেন। দুদকের প্রধান কার্যালয়, ঢাকার অনুমোদন পাওয়ার পর সহকারী পরিচালক মোস্তাফিজের মাধ্যমেই মামলাটি রেকর্ড করা হয়। মামলাটির তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের উপপরিচালক রতন কুমার দাশ।

​মামলার বিবরণ অনুযায়ী, আসামি তুহিন লস্কর জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ১৩ লাখ ৮ হাজার ১৬৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখল করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অপরাধ করেছেন। এছাড়া, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ৩৬ লাখ ১ হাজার ৯০২ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকার মিথ্যা ও ভিত্তিহীন দায় দেখিয়ে একই আইনের ২৬(২) ধারায় অপরাধ করেছেন তিনি। পাশাপাশি, অবৈধ উপায়ে অর্জিত সম্পদের উৎস গোপনের চেষ্টা করায় তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

​তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে আসামির নিজ নামীয় ট্যাক্স ফাইল জব্দ করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে তার স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

​তুহিন লস্করের নামে থাকা উল্লেখযোগ্য স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে—ঢাকার মিরপুরের বিজয় রাকিন সিটি প্রজেক্টে ১২৫ বর্গফুটের কার পার্কিংসহ ১৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট (এ-৬, টাওয়ার-০১, ফ্ল্যাট নং-০১), খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ডুবি মৌজায় ০.৪৯৫ একর জমি এবং গোপালগঞ্জ সদর উপজেলার খাটরা মৌজায় ০.০৫ একর জমি। বর্তমানে মামলাটির পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন