বিয়ের ছয় মাসের মাথায় বোয়ালমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ৭:৩৯ অপরাহ্ণ

ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় মুরসালিনা আক্তার (২১) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৮টার পর উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রাম থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

​নিহত মুরসালিনা আক্তার চন্ডিবিলা গ্রামের রাব্বী মোল্যার স্ত্রী এবং পার্শ্ববর্তী মধুখালী উপজেলার দাড়িরপাড় গ্রামের মাছিম মল্লিকের মেয়ে। স্বামীর বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

​এদিকে নিহতের বাবা ও মায়ের অভিযোগ, তাঁদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তাঁরা মুরসালিনার স্বামী রাব্বী মোল্যা ও তাঁর পরিবারের সদস্যদের দায়ী করেছেন।

​এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন