নির্যাতন-হয়রানির অভিযোগ তুলে ফরিদপুরে আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ । ৬:১৬ অপরাহ্ণ

​দীর্ঘদিন ধরে নির্যাতন, হামলা, মামলা ও হয়রানির শিকার হওয়ার মারাত্মক অভিযোগ তুলে দলীয় পদ থেকে পদত্যাগ এবং চিরতরে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন মিয়া।

​রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষমতার অপব্যবহার ও নির্যাতনের অভিযোগ তোলেন।

​লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা তুলে ধরে জানান, তিনি ১৯৯৭ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের মুখ্য সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ সালে জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। এর আগে ২০০৯ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

​তিনি অভিযোগ করে বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বিরোধের সৃষ্টি হয়। ২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া বাজারে একটি জনসভায় লাবু চৌধুরীর উপস্থিতিতে তাঁর ছেলে বায়তুল ও ছোট ছেলে বাবুল চৌধুরী তাঁকে প্রকাশ্যে মারধর করেন। এ সময় তাঁর বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর এবং মূল্যবান মালামাল লুটপাট করা হয় বলেও তিনি দাবি করেন।

​দেলোয়ার হোসেন আরও অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে একে একে ১৬টি মিথ্যা মামলা দায়ের করা হয় এবং হাসপাতাল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এসব রাজনৈতিক হয়রানিমূলক মামলায় তাঁকে প্রায় এক বছর কারাভোগ করতে হয়েছে। পরবর্তীতে আদালত থেকে তিনি মামলাগুলো থেকে অব্যাহতি লাভ করেন বলে সংবাদ সম্মেলনে জানান।

​তিনি আরও উল্লেখ করেন, সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর তাঁর পরিবার ও সালথার আটটি ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের ওপর ব্যাপক নির্যাতন, মামলা ও হয়রানির ঘটনা ঘটে। এর ফলে বহু নেতা-কর্মী এলাকা ছাড়তে বাধ্য হন। এসব বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে বারবার অভিযোগ জানিয়েও তিনি কোনো প্রতিকার পাননি।

​দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন উল্লেখ করে দেলোয়ার হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। জনকল্যাণে যদি কাজ করার সুযোগ না থাকে, তবে পদে টিকে থাকার কোনো অর্থ হয় না। তাই তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

​সংবাদ সম্মেলনে তিনি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের কাছে বিগত দিনের দুঃখ-কষ্টের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তাঁদের নিরন্তর সহযোগিতা ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন