ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি নিয়ে বিএনপির মিছিল ও অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ৭:১৯ অপরাহ্ণ

ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি নিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরকান্দা উপজেলার কায়চাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বিশ্বরোড মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ঢাল ও সরকিসহ দেশীয় অস্ত্র দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এবং লকডাউন বাস্তবায়ন করতে দেবেন না বলে জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, পৌর যুবদলের আহ্বায়ক তৈবুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কায়েস মুন্সী, সদস্যসচিব জাহিদ মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জন্টু এবং উপজেলা যুবদলের সদস্য মো. জুয়েল মাতুব্বর ও মো. জাকির হোসেনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতারা বলেন, এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। লকডাউনের নামে জনজীবন ও স্বাভাবিক চলাচল ব্যাহত করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে নগরকান্দার ঝাটুরদিয়া বিশ্বরোড এলাকায় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন