ফরিদপুরের সদরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে এবং ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. আক্তার মোল্লার ছেলে মো. রাজু মোল্লাকে মর্মান্তিক ভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরের নেতৃত্বে সদরপুর উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদরপুর টু কৃষ্ণপুর আঞ্চলিক সড়কটি প্রদক্ষিণ করে মোল্লা বাড়ির মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে রাজু মোল্লার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি যেকোনো ধরনের নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, উপজেলা যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফ, শ্রমিকদল নেতা মোতালেব হোসেন পেয়াদা, সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শামীম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শিশির খাঁন
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ৭:২৩ অপরাহ্ণ