সালথায় খোসা নৌকা তৈরিতে ব্যস্ত কাঠমিস্ত্রীরা

Faridpur Protidin
সালথা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা:
প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫ । ৪:৩৪ অপরাহ্ণ
ফরিদপুরের সালথায় বন্যার পানি হওয়ার আগেই খোসা নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কাঠমিস্ত্রীরা।  উপজেলার মোন্তার মোড়, সাড়ুকদিয়া ও নকুলহাটি সহ বিভিন্ন বাজারে নৌকা তৈরি করতে দেখা যায় কাঠমিস্ত্রিদের। হাতে বাটল ও হাতুরী দিয়ে ঠুক ঠুক শব্দে মেতে আছে এসব বাজার। বন্যার পানি আসার আগেই তাদের এই প্রস্তুতি।
আষাঢ় মাসের শেষের দিকে সালথা উপজেলার নিম্নাঞ্চলগুলোতে বৃষ্টি ও নদীর পানিতে থই থই করবে। পুরো তিনমাস থাকবে পানি। কৃষি কাজে ও জেলেদের মাছ ধরার জন্য প্রয়োজন হবে নৌকা। তাই আগে থেকেই কাঠমিস্ত্রিরা খোসা নৌকা তৈরি করছে। ছোট-বড় প্রকার ভেদে ৬ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা দরে বিক্রি হবে এক একটি খোসা নৌকা।
আব্দুল আলেম নামে এক কৃষক জানান, নিচু মাঠ থেকে পাটের আঁশ ছাড়িয়ে বাড়িতে আনতে খোসা নৌকা ও ডিঙ্গি একমাত্র ভরসা। তাই এবছরও একটা নৌকা কিনবো। যাতে স্বাচ্ছন্দে কৃষি কাজ করতে পারি।
কাঠমিস্ত্রি গুরু দাস ও আকমল মোল্যা বলেন, যখন মাঠ ও বিল-বাওড়ে পুরোপুরি পানি আসবে, তখন নৌকার চাহিদা অনেক বেড়ে যায়। তৈরি করার চেয়ে চাহিদা থাকে বেশি। তাই আগে থেকেই কিছু খোসা নৌকা তৈরি করে রাখার জন্য কাজ শুরু করেছি।
তারা আরো বলেন, কাঠ ও লোহার দাম বেশি। তাই গত বছরের চেয়ে এবছর নৌকা তৈরিতে খরচ একটু বেশি পড়বে। পুরো বর্ষার সময় সব নৌকা বিক্রি হয়ে যাবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন