আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে গণমাধ্যম কর্মীদের কাছে সহযোগিতা চেয়ে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেছেন, ‘এ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চমৎকার মেলবন্ধন রয়েছে, সেটাকে অক্ষুন্ন রাখতে সকল পর্যায়ের ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ‘
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, ‘জেলায় ৭৫৭ মন্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে। এ সকল পূজা মন্ডপগুলোতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উৎসব করতে জেলা পুলিশ ও জেলা প্রশাসন সর্তক রয়েছে। এ ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘পূজাকে কেন্দ্র করে কোন গুজব যেন না ছডায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশের পক্ষ থেকে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। পূজা উপলক্ষে কিশোর গ্যাং এর তৎপরতা বৃদ্ধি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ। এ কাজে প্রশাসনের সাথে গোয়েন্দা বিভাগের লোকজন কাজ করছে।’
তিনি পূজারীদের উদ্দেশ্যে বলেন, ‘ধর্মীয় ভাব গম্ভীর্যের সাথে মিলিয়ে গান পরিবেশন করা উচিত। তবে কোন ডিজে গান পরিবেশন করা যাবে না। এছাড়া কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পূজা বিসর্জন দেওয়ার সময়ে সকল মন্দির কমিটিকে সক্রিয় থাকতে হবে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্টী পূজার মধ্যে দূর্গা পূজা শুরু হবে।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়ালসহ প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:৪২ অপরাহ্ণ