ভুয়া বারকোড ও বিএসটিআই লোগো: সদরপুরে নকল ক্লিনার কারখানায় অভিযান

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ । ১০:২৭ অপরাহ্ণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার ও হ্যান্ডওয়াশ উৎপাদনের দায়ে একটি কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ মোড় এলাকায় অবস্থিত বিজয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকার হান্নান বেপারীর ছেলে আরাফাত হোসেন বিজয় (১৯) দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার এবং হ্যান্ডওয়াশ উৎপাদন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানায় বিভিন্ন কেমিক্যালের বোতল, জার ও প্যাকেট জব্দ করা হয়।

এ সময় কারখানায় কোনো কারিগরি ডিগ্রীসম্পন্ন বা প্রশিক্ষিত কর্মী পাওয়া যায়নি। এছাড়া উৎপাদিত নকল পণ্য বাজারজাতের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী বিজয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন