উজ্জয়নের রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সংবাদমাধ্যমকে বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার প্রতিবাদে তারা এই অবস্থান নিচ্ছেন। তার দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি উপেক্ষা করছে।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, উজ্জয়ন ছাড়াও ভারতের বিভিন্ন স্থানের কিছু ধর্মীয় সংগঠন একই ধরনের অবস্থান নিয়েছে। তারা আইপিএল ম্যাচে মোস্তাফিজুর রহমানের অংশগ্রহণের বিরোধিতা করে বয়কটের ডাক দিচ্ছে।
গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়।
ভারতের কিছু মহলের ক্ষোভের সূত্রপাত বাংলাদেশে চলতি মাসে ঘটে যাওয়া দুটি সহিংস ঘটনার পর। ১৮ ডিসেম্বর ময়মনসিংহ জেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক ২৭ বছর বয়সী হিন্দু পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। এর কয়েক দিন পর রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের হামলায় এক ২৯ বছর বয়সী যুবক গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।
আইএএনএসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব ঘটনার পর ভারতের কয়েকটি এলাকায় ধর্মীয় নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং তারই অংশ হিসেবে তারা মোস্তাফিজকে ঘিরে আইপিএলে প্রতিবাদের কথা বলছেন। ফলে আইপিএলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে সতর্ক থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ভারত সরকার তাকে আশ্রয় দেয় এবং তিনি বর্তমানে গোপন স্থানে অবস্থান করছেন বলে জানা গেছে।
শেখ হাসিনার দেশত্যাগের পর সংসদ ভেঙে দেওয়া হয় এবং ক্ষমতা হস্তান্তরের জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এই সরকারের নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নতুন সরকার গঠনের লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১১:১৭ এএম