আগামী ১৩ জানুয়ারি ফরিদপুরে শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখা। এ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সংগঠনের জেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখার শিক্ষা বিষয়ক সেল।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফরিদপুর জেলার শিক্ষাকে এগিয়ে নিতে যারা আন্তরিকভাবে কাজ করতে চান এবং শিক্ষা সংস্কারে ভূমিকা রাখতে আগ্রহী, এমন সকল শিক্ষার্থীকে নিজ নিজ নাম ও যোগাযোগ নম্বর দিয়ে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম (রিয়াজ) ‘ফরিদপুর প্রতিদিন‘কে বলেন, “শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। ফরিদপুরের শিক্ষাব্যবস্থায় যে বৈষম্য ও সংকট রয়েছে, তা দূর করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমরা চাই শিক্ষার্থীরাই শিক্ষা সংস্কারের নেতৃত্ব দিক। সেই লক্ষ্যেই শিক্ষা বিষয়ক সেলের আত্মপ্রকাশ।”
তিনি আরও বলেন, “যারা সত্যিকার অর্থে ফরিদপুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান, আমরা তাদের স্বাগত জানাই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগ্রহী শিক্ষার্থীরা কাজী রিয়াজ, আনিসুর রহমান সজল, সাজ্জাদ হোসেন, জেবা তাসনিম, এনামুল চৌধুরী ও নাইমুল ইসলাম সাকিব— এই ছয়জনের যে কোনো একজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৯:১৮ পিএম