চরভদ্রাসনে ফসল তুলতে গিয়ে শিয়ালের আক্রমণ, রক্তাক্ত হলো নারীর মুখ

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ । ৬:৩৪ পিএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শিয়ালের কামড়ে এক নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে আহত ওই নারীর নাম আকলিমা বেগম (৪০)। তিনি বর্তমানে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বর্ণনায় আহত আকলিমা বেগম জানান, বাড়ি থেকে কিছুটা দূরে তিনি ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে তার মুখে কামড় বসায়। এতে তার নাক, মুখ ও চোখের ওপর গুরুতর ক্ষতের সৃষ্টি হয়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরাঞ্চল থেকে শিয়ালের কামড়ে আহত অবস্থায় একজন নারী হাসপাতালে এসেছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত দুই সপ্তাহ আগেও একই চরাঞ্চলে শিয়ালের কামড়ে সাতজন আহত হন। তাদের প্রত্যেককেই বিনামূল্যে র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে বর্তমানে হাসপাতালে র‌্যাবিস ভ্যাকসিন থাকলেও এন্টিভেনমের সংকট রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে। এ ধরনের জরুরি ওষুধ সব হাসপাতালে পর্যাপ্ত থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত শিয়ালের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন