অবশেষে মুক্তি মিলল! ভাঙ্গায় নির্মাণাধীন ভবনের গর্ত থেকে উদ্ধার সজারু

ফরিদপুর ও ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ২:২০ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের পিলারের গর্তে পড়ে আটকা পড়া একটি সজারুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ছিলেধরচর সদরদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরদী এলাকার বাসিন্দা হাচান চাকলাদারের বাড়িতে একটি ভবনের নির্মাণকাজ চলছিল। ভবনের পিলারের জন্য খোঁড়া গভীর গর্তে সোমবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় অন্ধকারে একটি সজারু পড়ে যায়। গভীর গর্তে পড়ে যাওয়ায় সজারুটি বের হতে না পেরে সেখানে আটকে থাকে।

মঙ্গলবার সকালে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা কাজ শুরু করতে গিয়ে পিলারের গর্তের ভেতর সজারুটিকে দেখতে পান। বিষয়টি দ্রুত বাড়ির মালিককে জানানো হলে স্থানীয়রা সজারুটিকে উদ্ধারের চেষ্টা করেন। তবে গর্তটি গভীর হওয়ায় এবং সজারুটি ভীত ও আক্রমণাত্মক হয়ে ওঠায় তারা ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে সতর্কতার সঙ্গে সজারুটিকে পিলারের গর্ত থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে সজারুটির কোনো আঘাত লাগেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাড়ির মালিক হাচান চাকলাদার বলেন, “রাতে কখন সজারুটি গর্তে পড়েছে আমরা কেউ টের পাইনি। সকালে শ্রমিকরা দেখতে পেয়ে জানালে আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিই। তাদের সহযোগিতায় সজারুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিষয়টি বন বিভাগকেও অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তিনি বলেন, “সজারুটিকে উদ্ধার করে ফায়ার স্টেশনে আনা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী সজারুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।”

স্থানীয়রা ফায়ার সার্ভিসের দ্রুত ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে নির্মাণাধীন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন