ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের সরব উপস্থিতিতে পুরো ক্যাম্পাস প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিদ্যালয়ের সভাপতি মিন্টু বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (সিভিল সার্জন অফিস) মো. বজলুর রশিদ খান এবং প্রয়াস ফরিদপুরের সভাপতি দীন মোহাম্মদ দিলু।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
সকালে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পায়রা উড়ানো, বেলুন ও ফেস্টুন উড়ানো এবং বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজন করা হয় বিশেষ ক্রীড়া ইভেন্ট, যা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ ও নেতৃত্বগুণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ । ১২:৩৮ পিএম